কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ এ ০৬:০০ AM

“জেনেভা কনভেনশন বাস্তবায়ন বিল, ২০২৪” সম্পর্কে জনমত যাচাই

কন্টেন্ট: পাতা

জাতীয় International Humanitarian Law (IHL) -কমিটির সুপারিশক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় “জেনেভা কনভেনশন বাস্তবায়ন বিল, ২০২৪”- কে আইনে পরিণতকরনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এ খসড়া সংক্রান্ত কোন মতামত থাকলে, তা আগামী ১৩ জুলাই ২০২৪ তারিখের মধ্যে un1@mofa.gov.bd -এ প্রেরণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।



জেনেভা কনভেনশন বাস্তবায়ন আইন, ২০২৪ এর বিল

(২০২৪ সনের …..নং আইন)

১২ আগস্ট ১৯৪৯ এর চারটি জেনেভা কনভেনশন এবং তাহাদের আওতাধীন ৮ জুন ১৯৭৭ এর অতিরিক্ত প্রোটোকলসমূহ বাস্তবায়ন এবং এতদসংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু বাংলাদেশ ১২ আগস্ট ১৯৪৯ তারিখে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক গৃহীত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জেনেভা কনভেনশন ৪ এপ্রিল ১৯৭২ তারিখে অনুসমর্থনের মাধ্যমে উহাদের পক্ষভুক্ত হইয়াছ্বে;

যেহেতু বাংলাদেশ ৮ জুন ১৯৭৭ তারিখে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক গৃহীত চারটি জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রথম ও দ্বিতীয় প্রোটোকল ৮ সেপ্টেম্বর, ১৯৮০ তারিখে অনুসমর্থনের মাধ্যমে উহাদের পক্ষভুক্ত হইয়াছে;

যেহেতু চারটি জেনেভা কনভেনশন এবং তাহাদের সংযুক্ত অতিরিক্ত দুইটি প্রোটোকলের বিধানাবলি বাস্তবায়ন এবং এতদসংক্রান্ত বিষয়ে আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ

প্রথম অধ্যায়

প্রারম্ভিক

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ।- (১) এই আইন “জেনেভা কনভেনশন বাস্তবায়ন আইন’’, ২০২৪ নামে অভিহিত হইবে।

(২) এই আইন অবিলম্বে কার্যকর হইবে।

২। সংজ্ঞা।- বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে- (১) “চিফ প্রসিকিউটর” অর্থ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন, ১৯৭৩ এর ধারা ৭ অনুযায়ী মনোনীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর;

(২) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল অর্থ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন, ১৯৭৩ দ্বারা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল;

(৩) “প্রথম কনভেনশন” অর্থ “Geneva Convention-(I) For The Amelioration Of The Condition Of The Wounded And Sick In Armed Forces In The Field Of August 12, 1949”;

(৪) “দ্বিতীয় কনভেনশন” অর্থ “Convention (II) For The Amelioration Of The Condition Of Wounded, Sick And Shipwrecked Members Of Armed Forces At Sea. Geneva, 12 August 1949”;

(৫) “তৃতীয় কনভেনশন” অর্থ “Convention (III) relative to the Treatment of Prisoners of War. Geneva, 12 August 1949”;

(৬) “চতুর্থ কনভেনশন” অর্থ “Convention (IV) relative to the Protection of Civilian Persons in Time of War. Geneva, 12 August 1949”;

(৭) “কনভেনশনসমূহ” অর্থ উপধারা ৪, ৫, ৬ এবং ৭ এ উল্লিখিত প্রথম কনভেনশন, দ্বিতীয় কনভেনশন, তৃতীয় কনভেনশন ও চতুর্থ কনভেনশন;

(৮) “প্রোটোকল ১” অর্থ “Protocol Additional to the Geneva Conventions of 12 August 1949, 2 And Relating to The Protection of Victims of International Armed Conflicts”;

(৯) “প্রোটোকল ২” অর্থ Protocol Additional to the Geneva Conventions of 12 August 1949, 2 And Relating to The Protection of Victims of Non-International Armed Conflicts”;

(১০) “প্রোটোকলসমূহ” অর্থ উপধারা ৯ এবং ১০ এ উল্লিখিত প্রোটোকল ১ ও প্রোটোকল ২;

(১১) “বন্দীর প্রতিনিধি (Prisoners’ representative)” অর্থ সেই ব্যক্তি যিনি তৃতীয় কনভেনশনের অনুচ্ছেদ-৭৯ অনুযায়ী অর্পিত কর্তব্য কোন নির্দিষ্ট সময়ে কোন শিবির বা স্থানে কোন নির্দিষ্ট সুরক্ষিত যুদ্ধবন্দীর প্রতিনিধি হিসেবে পালন করিয়া থাকেন, যে স্থানে ঐ সময়ে বা তার অব্যবহিত পূর্বে ঐ বন্দী সুরক্ষিত যুদ্ধবন্দী হিসেবে আটক ছিলেন;

(১২) “সুরক্ষিত অন্তরীণ ব্যক্তি” (Protected internee) অর্থ চতুর্থ কনভেনশন অথবা প্রটোকল ১ দ্বারা সুরক্ষিত, এবং বাংলাদেশে অন্তরীন কোন ব্যক্তি;

(১৩) “সুরক্ষিত যুদ্ধবন্দী” (Protected prisoner of war) অর্থ তৃতীয় কনভেনশন দ্বারা সুরক্ষিত কোন ব্যক্তি অথবা প্রোটোকল ১ দ্বারা যুদ্ধবন্দী হিসেবে সুরক্ষিত কোন ব্যক্তি;

(১৪) “সুরক্ষাদানকারী শক্তি” (Protecting power) অর্থ, এমন রাষ্ট্র বা সংস্থা যাহা সুরক্ষিত যুদ্ধবন্দী বা সুরক্ষিত অন্তরীণ ব্যক্তির প্রতি তৃতীয় কনভেনশন, চতুর্থ কনভেনশন বা প্রোটোকল ১ এ প্রদত্ত সুরক্ষাদানকারী শক্তিসমুহের (Protecting Powers) উপর অর্পিত দায়িত্বাবলী পালন করিতেছে, সেই রাষ্ট্রের পক্ষ থেকে যে রাষ্ট্রের নাগরিক বা সামরিক বাহিনির সদস্য ঐ নির্দিষ্ট সময়ে সুরক্ষিত অন্তরীন বা সুরক্ষিত যুদ্ধবন্দী হিসেবে আটক ছিলেন;

৩। আইনের প্রাধান্য।- আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে।

দ্বিতীয় অধ্যায়

অপরাধ ও দণ্ড

৪। কনভেনশনসমূহ ও প্রোটোকল ১ এর গুরুতর লঙ্ঘন।- বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার ভিতরে বা বাহিরে যে কোনো স্থানে যদি কোন ব্যক্তি, তাহার নাগরিকত্ব যাহাই হোক না কেন, কনভেনশনমূহ অথবা প্রোটোকল ১ এর যে কোনোটির বিধানাবলির গুরুতর লঙ্ঘন করিলে, বা গুরুতর লঙ্ঘনে সাহায্য বা সহযোগিতা করিলে, অথবা অন্য কাউকে অনুরূপ লঙ্ঘনে প্ররোচিত করিলে, তাহা এই আইনের অধীনে অপরাধ হইবে এবং উক্ত ব্যক্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হইবে

ব্যাখ্যা: এই ধারায়-

(ক) প্রথম কনভেনশনের গুরুতর লঙ্ঘন অর্থ উক্ত কনভেনশনে সুরক্ষিত ব্যক্তি বা সম্পদের বিরুদ্ধে কনভেনশনের ৫০ অনুচ্ছেদে বর্ণিত কোন কার্য সংঘটন;

(খ) দ্বিতীয় কনভেনশনের গুরুতর লঙ্ঘন অর্থ উক্ত কনভেনশনে সুরক্ষিত ব্যক্তি বা সম্পদের বিরুদ্ধে কনভেনশনের ৫১ অনুচ্ছেদে বর্ণিত কোন কার্য সংঘটন;

(গ) তৃতীয় কনভেনশনের গুরুতর লঙ্ঘন অর্থ উক্ত কনভেনশনে সুরক্ষিত ব্যক্তি বা সম্পদের বিরুদ্ধে কনভেনশনের ১৩০ অনুচ্ছেদে বর্ণিত কোন কার্য সংঘটন;

(ঘ) চতুর্থ কনভেনশনের গুরুতর লঙ্ঘন অর্থ উক্ত কনভেনশনে সুরক্ষিত ব্যক্তি বা সম্পদের বিরুদ্ধে কনভেনশনের ১৪৭ অনুচ্ছেদে বর্ণিত কোন কার্য সংঘটন;

(ঙ) প্রোটোকল ১ এর গুরুতর লঙ্ঘন অর্থ উক্ত প্রোটকলের অনুচ্ছেদ ১১ এর প্যারা ৪, বা অনুচ্ছেদ ৮৫ এর অনুচ্ছেদ ২, ৩ বা ৪ এ বর্ণিত কোন কার্য সংঘটন।

৫ । কনভেনশনসমূহ ও প্রোটোকলসমূহের গুরুতর লঙ্ঘন ব্যতীত অন্যান্য অপরাধ/লঙ্ঘন।- বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার ভিতরে বা বাহিরে যে কোনো স্থানে যদি কোনো ব্যক্তি, তাহার নাগরিকত্ব যাহাই হোক না কেন, কনভেনশনমূহ অথবা প্রোটোকলসমূহের এর যে কোনোটির বিধানাবলির গুরুতর লঙ্ঘন ব্যতীত অন্যান্য অপরাধ/লঙ্ঘন করিলে, বা লঙ্ঘনে সাহায্য বা সহযোগিতা করিলে, অথবা অন্য কাউকে অনুরূপ লঙ্ঘনে প্ররোচিত করিলে, তাহা এই আইনের অধীনে অপরাধ হইবে এবং উক্ত ব্যক্তি ন্যুনতম ১৪ বছরের কারাদন্ডে দন্ডিত হইবে।

৬। অপরাধ বিচারার্থে গ্রহণ।- চিফ প্রসিকিউটরের সম্মতি ব্যতীত ধারা ৪ ও ৫ এ বর্ণিত কোন অপরাধ আদালত কর্তৃক বিচারার্থে গ্রহণ করা যাইবে না।

৭। কনভেনশনসমুহ ও প্রোটোকলসমূহের প্রয়োগের প্রমাণ।- কোন কনভেনশন বা প্রোটোকলসমূহের কোনোটির লঙ্ঘন সংক্রান্ত এই অধ্যায়ের আওতাভূক্ত কোনো মামলায় যদি নিম্নবর্ণিত বিষয়ে কোন প্রশ্ন উত্থাপিত হয়ঃ

(ক) ঐ কনভেনশনের অনুচ্ছেদ ২ বা অনুচ্ছেদ ৩ (কোন অবস্থায় ঐ কনভেনশন প্রযোজ্য হইবে সেই সংক্রান্ত অনুচ্ছেদ);

(খ) প্রোটোকল ১ এর অনুচ্ছেদ ১ বা অনুচ্ছেদ ৩ (কোন অবস্থায় ঐ প্রোটোকল প্রযোজ্য হইবে সেই সংক্রান্ত অনুচ্ছেদ); অথবা

(গ) প্রোটোকল ২ এর অনুচ্ছেদ ১ (কোন অবস্থায় ঐ প্রোটোকল প্রযোজ্য হইবে সেই সংক্রান্ত অনুচ্ছেদ);

তাহা হইলে, এই মর্মে সরকার (পররাষ্ট্র মন্ত্রণালয়) কর্তৃক প্রত্যয়িত যে কোনো লিখিত সিদ্ধান্ত প্রাথমিক ভিত্তিতে এই বিষয়ের প্রমাণ (prima facie) বলিয়া গণ্য হইবে।

৮। আদালতের বিচারিক অধিক্ষেত্র।- (১) ধারা ৪ বা ৫ এ বর্ণিত অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য হইবে এবং ধারা ১৪-এ বর্ণিত অপরাধ দায়রা আদালত কর্তৃক বিচার্য হইবে।

(২) The Army Act, 1952, The Navy Ordinance, 1961 ও The Airforce Act, 1953–এ উল্লেখিত কোর্ট মার্শালে বিচার্য বেসামরিক অপরাধসমূহের (Civil Offences) বিচার এমনভাবে হইবে যেন এই আইন প্রণীত হয় নাই।

৯। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা।- এই আইনের ৪ এবং ৫ ধারার অধীন সংঘটিত অপরাধসমূহ আমলযোগ্য ও অজামিনযোগ্য, এবং ধারা ১৪-এ বর্ণিত অপরাধ অ-আমলযোগ্য ও জামিনযোগ্য হইবে।

তৃতীয় অধ্যায়

সুরক্ষিত ব্যক্তিদের আইনি কার্যক্রম

১০। সুরক্ষাদানকারী শক্তিকে সুরক্ষিত ব্যক্তিবর্গের বিচার সম্পর্কে অবহিতকরণ।- (১) কোন আদালতে যদি-

(ক) কোন অপরাধের বিচারের জন্য সুরক্ষিত যুদ্ধবন্দীকে হাজির করা হয়; অথবা

(খ) কোন অপরাধের বিচারের জন্য সুরক্ষিত অন্তরীণকে হাজির করা হয়, যেই ক্ষেত্রে দণ্ডের পরিমাণ দুই বছর বা ততোধিক কালের কারাদন্ড,

তবে উক্ত আদালত বিচারকার্য ততক্ষণ পর্যন্ত শুরু করিবে না যতক্ষণ না আদালত এ বিষয়ে সন্তুষ্ট হন যে, প্রসিকিউটরের অবগতি সাপেক্ষে উপ-ধারা ২ এ উল্লিখিত বিবরণ সম্বলিত লিখিত নোটিশ অন্তত তিন সপ্তাহ পূর্বে সংশ্লিষ্ট সুরক্ষাদানকারী শক্তির প্রতি (যদি সুরক্ষাদানকারী শক্তি থাকে) জারী করা হইয়াছে, এবং অভিযুক্ত ব্যক্তি যদি সুরক্ষিত যুদ্ধবন্দী হন, তবে অভিযুক্ত ব্যক্তি ও বন্দী-প্রতিনিধির প্রতি অনুরূপ নোটিশ জারী করা হইয়াছে।

(২) উপ-ধারা ১ এ নির্দেশিত বিবরণ সমুহ নিম্নরূপঃ

(ক) অভিযুক্ত ব্যক্তির পূর্ণ নাম, জন্ম তারিখ ও পেশা বা ব্যবসা সহ অন্যান্য সংশ্লিষ্ট তথ্য; এবং অভিযুক্ত ব্যক্তি সুরক্ষিত যুদ্ধবন্দী হইলে অভিযুক্তের পদবি, তাহার সামরিক, সেনা দলীয়, ব্যক্তিগত অথবা ক্রমিক নম্বর, এবং তাহা না থাকিলে সমপর্যায়ের কোন তথ্য;

(খ) অভিযুক্ত ব্যক্তির আটক হওয়ার স্থান, বন্দীশালা বা আবাসস্থলের বিবরণ;

(গ) যে অপরাধে ঐ ব্যক্তি অভিযুক্ত তাহার বিবরণ; এবং

(ঘ) যে আদালতে ঐ ব্যক্তির বিচার হইবে, এবং অনুরূপ বিচারের জন্য নির্ধারিত তারিখ ও স্থান|

(৩) এই ধারায়, অন্য কিছু বলা না থাকিলে, নিম্নরূপ দলিল এই মর্মে যথাযথ প্রমাণ বলিয়া বিবেচিত হইবে যে উপ-ধারা ১ এ বর্ণিত নোটিশ সংশ্লিষ্ট সুরক্ষাদানকারী শক্তি, প্রতিনিধি বা ব্যক্তির প্রতি যথাযথভাবে জারী করা হইয়াছেঃ

(ক) ক্ষেত্র অনুযায়ী, সুরক্ষাদানকারী শক্তির পক্ষে বা বন্দী-প্রতিনিধি বা অভিযুক্ত ব্যক্তি কর্তৃক স্বাক্ষরকৃত কোন দলিল; এবং

(খ) এমন কোন দলিল যাহা সুরক্ষাদানকারী শক্তি বা বন্দী-প্রতিনিধি বা অভিযুক্ত ব্যক্তি কর্তৃক কোনো নির্দিষ্ট দিনে এই ধারায় বর্ণিত নোটিশের প্রাপ্তি স্বীকার-পত্র|

(৪) এই ধারার বিধানাবলি কার্যকর করিবার জন্য আদালত যদি বিচারকার্য মুলতুবি করেন, তবে অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, আদালত মুলতুবিকালীন অভিযুক্ত ব্যক্তির আটকাদেশ দিতে পারিবেন।

১১। অভিযুক্ত ব্যাক্তির আইনী প্রতিনিধিত্ব।- (১) আদালতের সামনে কোন ব্যক্তিকে এই আইনের ধারা ৪ বা ধারা ৫ এর অধীনে সংঘটিত কোনো অপরাধের বিচারের জন্য হাজির করা হইলে অথবা আদালতের সামনে সুরক্ষিত কোন যুদ্ধবন্দীকে সংঘটিত কোন অপরাধের বিচারের জন্য হাজির করা হইলে, আদালত ততক্ষণ পর্যন্ত বিচারকার্য শুরু করিবেন না যতক্ষণ নাঃ

(ক) কোন আইনজীবী অভিযুক্ত ব্যক্তির প্রতিনিধিত্ব করেন; এবং

(খ) আদালত এ বিষয়ে সন্তুষ্ট হন যে, উক্ত আইনজীবীকে সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তের প্রতিনিধিত্ব করিবার বিষয়ে প্রথম নির্দেশনা প্রদান করিবার পর থেকে কমপক্ষে ১৪ দিবস অতিবাহিত হইয়াছে,

এবং, এই উপ-ধারার বিধানাবলি কার্যকর করিবার জন্য আদালত যদি বিচারকার্য মুলতুবি করেন, তবে অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, আদালত মুলতুবিকালীন অভিযুক্ত ব্যক্তির আটকাদেশ দিতে পারিবেন।

(২) অভিযুক্ত ব্যক্তি সুরক্ষিত যুদ্ধবন্দী হইলে যদি তাঁহার প্রতিনিধি হিসাবে তাঁহার কর্তৃক নিয়োজিত আইনজীবী অনুপস্থিত থাকেন, তবে উপ-ধারা (১) এর অনুচ্ছেদ (খ) এর বিধান অক্ষুন্ন রাখা সাপেক্ষে, এই উদ্দেশ্যে সুরক্ষাদানকারী শক্তির পক্ষে নিয়োজিত আইনজীবীকে অভিযুক্ত ব্যক্তির প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হইবে।

(৩) উপধারা (১) অনুযায়ী আদালত যদি বিচারকার্য এই মর্মে মুলতুবি করেন যে কোনো আইনজীবী অভিযুক্ত ব্যক্তির প্রতিনিধিত্ব করিতেছে না, তাহা হইলে আদালত এই মর্মে নির্দেশ প্রদান করিবেন যে, অভিযুক্ত ব্যক্তি নিজে কোন আইনজীবী নিয়োগ না করা পর্যন্ত অথবা উপধারা (২) অনুযায়ী কোন আইনজীবীকে নির্দেশনা না দেয়া পর্যন্ত মামলা চলাকালীন অভিযুক্ত ব্যক্তির স্বার্থ রক্ষার্থে একজন আইনজীবীকে নিয়োগ দেয়া হইবে, এবং এই উপ-ধারায় নিযুক্ত আইনজীবী, উপ-ধারা (১) এর অনুচ্ছেদ (খ) এর বিধান অক্ষুন্ন রাখা সাপেক্ষে, উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে অভিযুক্ত ব্যক্তির প্রতিনিধি হিসাবে বিবেচিত হইবে।

(৪) উপ-ধারা ৩ এর বিধানের আলোকে প্রবিধানে নির্ধারিত পদ্ধতিতে, এবং কোন নির্দিষ্ট প্রবিধান না থাকিলে আদালতের নির্দেশনা মোতাবেক আইনজীবী নিয়োগ করিতে হইবে।

১২। সুরক্ষিত যুদ্ধবন্দী ও অন্তরীণ ব্যক্তি কর্তৃক আপীল।- (১) কোন সুরক্ষিত যুদ্ধবন্দী বা অন্তরীণ ব্যক্তি আদালত কর্তৃক খালাস বা সাজাপ্রাপ্ত হন, সাজা বা খালাসের আদেশ প্রদানের দিন থেকে ৩০ দিনের মধ্যে উক্ত সাজা বা খালাসের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপীল বিভাগে আপীল দায়ের করিতে পারিবে । তবে শর্ত থাকে যে, অনুরূপ সাজা বা খালাসের বিরদ্ধে আপীল করিবার সময়কাল নিম্নবর্ণিত উপায়ে নোটিশ প্রাপ্তির দিন থেকে গণনা করা হইবেঃ

(ক) সুরক্ষিত যুদ্ধবন্দীর ক্ষেত্রে, সশস্ত্র বাহিনীর কোন কর্মকর্তার মাধ্যমে; অথবা

(খ) সুরক্ষিত অন্তরীণ ব্যক্তির ক্ষেত্রে, কারা মহাপরিদর্শক কর্তৃক বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক অথবা কারাগার বা যে স্থানে তিনি বন্দী তাহার দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি কর্তৃক।

এবং শর্ত থাকে যে, সুরক্ষাদানকারী শক্তি কে উক্ত সাজা ও দণ্ডদান সম্পরকে অবগত করা হইয়াছে।

(২) উপ-ধারা (১) প্রযোজ্য হইলে এবং আদালত অন্য কোন নির্দেশনা না দিয়ে থাকিলে, দণ্ডিত ব্যক্তি তাহার দণ্ডের বিরুদ্ধে আপীল করিবার জন্য নির্ধারিত সময়কালীন সময়ে সম্পত্তি পুনর্স্থাপন বা সংক্ষুব্ধ ব্যক্তিকে প্রদেয় ক্ষতিপূরণ সংক্রান্ত আদালতের কোন প্রকার আদেশ তাহার জন্য কার্যকর হইবে না; এবং দন্ড প্রাপ্তিতে সম্পত্তি পুনঃর্প্রত্যর্পন সংক্রান্ত আইনী বিধানও কার্যকর হইবে না।

(৩) সাজা বা দন্ডায়নের সময়ে যদি কোন সুরক্ষাদানকারী শক্তি না থাকে তবে উপ-ধারা (১) এর বিধানাবলী আপীলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। এই সকল ক্ষেত্রে সাজা বা দন্ডায়নের তারিখ হইতে ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে আপীল দায়ের করিতে হইবে।

চতুর্থ অধ্যায়

রেড ক্রস এবং অন্যান্য প্রতীক, চিহ্ন, সংকেত, পরিচয়পত্র, পরিচয় চিহ্ন এবং উর্দির অপব্যবহার

১৩। রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও অন্যান্য প্রতীকের ব্যবহার।- (১) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, সরকারের লিখিত অনুমতি ব্যতীত কোন ব্যক্তি নিম্নে উল্লিখিত প্রতীকসমূহ ব্যবহার বা প্রদর্শন করিতে পারিবে নাঃ

(ক) রেড ক্রস চিহ্ন, যাহা সম্পূর্ণ সাদা পটভূমিতে সমান দৈর্ঘ্যের দু’টি লাল উল্লম্বিত ও অনুভূমিক বাহু সমন্বয়ে গঠিত (রেড ক্রসের প্রতীক), অথবা “রেড ক্রস” বা “জেনেভা ক্রস” আখ্যা;

(খ) সম্পূর্ণ সাদা পটভূমিতে লাল বর্ণের অর্ধচন্দ্র সমন্বয়ে একটি চিহ্ন (রেড ক্রিসেন্ট প্রতীক), অথবা “রেড ক্রিসেন্ট” আখ্যা;

(গ) সুইস ফেডারেশনের হেরাল্ডিক চিহ্ন, যাহা সম্পূর্ণ লাল পটভূমিতে সমান দৈর্ঘ্যের দু’টি সাদা বা রূপালি বর্ণের উল্লম্বিত ও অনুভূমিক বাহু সমন্বয়ে গঠিত প্রতীক;

(ঘ) বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিকভাবে স্বতন্ত্র প্রতীক, যাহা সম্পূর্ণ কমলা পটভূমিতে একটি নীল সমবাহু ত্রিভুজ সমন্বয়ে গঠিত প্রতীক;

(ঙ) প্রোটোকল ১ এর প্রথম সংযুক্তির তৃতীয় ভাগে উল্লিখিত কোনো বিশিষ্ট সংকেত, যাহা মেডিকেল ইউনিট ও মেডিকেল যানবাহন চিহ্নিত করার সংকেত;

(চ) বিপজ্জনক শক্তি সংবলিত স্থাপনা ও কাজের আন্তর্জাতিক প্রতীক, যাহা হইল একই অক্ষের উপর স্থাপিত সমানাকারের তিনটি উজ্জ্বল কমলা বর্ণের বৃত্ত, যেখানে প্রতিটি বৃত্তের মধ্যবর্তী দূরত্বের পরিমাণ এক ব্যাসার্ধ;

(ছ) এমন কোন নকশা, লেখা, বা সংকেত যাহা পূর্ববর্তী অনুচ্ছেদ (ক), (খ), (গ), (ঘ), (ঙ) অথবা (চ), -এ বর্ণিত কোনো প্রতীক, আখ্যা, চিহ্ন বা সংকেত এর এমন ঘনিষ্ঠ অনুকরণ করে যাহা দেখিলে উপর্যুক্ত প্রতীক, আখ্যা, চিহ্ন বা সংকেত বলিয়া ভুল হইতে পারে, অথবা উপর্যুক্ত প্রতীক, আখ্যা, চিহ্ন বা সংকেত বলিয়া নির্দেশিত হইতে পারে; অথবা

(জ) এমন কোন পতাকা, প্রতীক, আখ্যা, চিহ্ন, সংকেত, নকশা, লেখা, পরিচয়-পত্র, তথ্য পত্র, পরিচয় চিহ্ন বা উর্দি যে গুলো কনভেনশনসমুহ বা প্রোটোকলসমূহের প্রয়োগের উদ্দেশ্যে নির্ধারিত হইয়াছে।

(২) কনভেনশনসমূহ অথবা প্রোটোকলসমূহের বিধানাবলীর প্রয়োগের ক্ষেত্র ব্যতীত অন্য কোন কারণে সরকার এমন অনুমতি প্রদান করিবে না, এবং প্রয়োজন বোধে সরকার এরূপ অনুমতি দিতে অস্বীকার করিতে পারিবে বা প্রদত্ত অনুমতি প্রত্যাহার করিতে পারিবে।

(৩) বাংলাদেশের সীমানার ভিতরে অথবা বাহিরে বাংলাদেশে রেজিস্ট্রিকৃত সকল নৌযান ও বিমানে উপ-ধারা (১) এ উল্লিখিত প্রতীক, আখ্যা, চিহ্ন, সংকেত, নকশা, লেখা, পরিচয় পত্র, পরিচিতি কার্ড পরিচয় চিহ্ন বা উর্দি ব্যাবহারের ক্ষেত্রে এই ধারার বিধানাবলী প্রযোজ্য হইবে।

১৪। ১৪ এর উপ-ধারা (১) লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধ ও দন্ড।- (১) কোন ব্যক্তি ধারা ১৪ এর উপ-ধারা (১) লঙ্ঘন করিলে তাহা অপরাধ হিসাবে বিবেচিত হইবে এবং সেই ব্যক্তি অনধিক ৩ (তিন) মাসের কারাদন্ডে অথবা সর্বোচ্চ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা পর্যন্ত অর্থদন্ড, অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

(২) কোনো ব্যক্তি আদালত কর্তৃক ধারা ১৪ এর উপ-ধারা (১) লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হইলে আদালত নিম্নবর্ণিত বিষয় রাষ্ট্র কর্তৃক জব্দ করিবার আদেশ দিতে পারিবেনঃ

(ক) যে কোনো বস্তু বা দ্রব্য যেটির ওপর বা যেটির সঙ্গে ঐ ব্যক্তি কর্তৃক কোন প্রতীক, আখ্যা, চিহ্ন, সংকেত, নকশা বা লেখা, ব্যবহার করিয়াছে; এবং

(খ) যে কোনো পরিচয়-পত্র, পরিচিতি কার্ড, পরিচয় চিহ্ন বাঁ উর্দি যাহা ব্যবহারের মাধ্যমে অপরাধ সঙ্ঘটিত হইয়াছে।

(৩) ধারা ১৪ এর উপ-ধারা (১)-এ বর্ণিত অপরাধ কোন কোম্পানি কর্তৃক সংঘটিত হইলে, উক্ত অপরাধের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে উক্ত কোম্পনির এইরূপ মালিক, পরিচালক, নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপক, সচিব, অন্য কোন কর্মচারী উক্ত অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উহা রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।

(৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত কোম্পানি আইনগত সত্ত্বা হইলে, উক্ত উপ-ধারায় উল্লিখিত ব্যক্তিকে অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা ছাড়াও উক্ত কোম্পানিকে পৃথকভাবে এই কার্যধারায় অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা যাইবে, তবে উহার উপর সংশ্লিষ্ট বিধান অনুসারে শুধু অর্থদণ্ড আরোপ করা যাইবে।

ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে ‘‘কোম্পানি’’ অর্থে নিগমিত বা নিবন্ধিত হউক বা না হউক এইরূপ যে কোন কোম্পানি, সংস্থা, প্রতিষ্ঠান, অংশীদারী কারবার, সমিতি বা একাধিক ব্যক্তি সমন্বয়ে গঠিত সংগঠন বা সংস্থা এবং সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারের সম্পূর্ণ বা আংশিক মালিকানাধীন কোন কোম্পানিও ইহার অন্তর্ভুক্ত হইবে।

১৫। ব্যতিক্রম।- ১৪ ধারার (১) উপধারার বিধানাবলী নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবেনাঃ

(ক) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক রেড ক্রিসেন্ট প্রতীক বা “রেড ক্রিসেন্ট” আখ্যার ব্যবহার, তবে শর্ত থাকে যে উক্ত ব্যবহারের ক্ষেত্রে কনভেনশনসমূহ ও প্রোটোকলসমূহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার ১৯৭৩ (১৯৭৩ এর ২৬ নং প্রেসিডেনশিয়াল অর্ডার) এবং রেড ক্রিসেন্ট প্রতীক ব্যবহারের জন্য প্রনীত অন্যান্য বিধানাবলী মানিয়া চলা হইয়াছে;

(খ) আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) কর্তৃক রেড ক্রস প্রতীক বা “রেড ক্রস” আখ্যার ব্যবহার, তবে শর্ত থাকে যে উক্ত ব্যবহারের ক্ষেত্রে কনভেনশনসমূহ ও প্রোটোকলসমূহ এর বিধানাবলী মেনে চলা হইয়াছে;

(গ) আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশন কর্তৃক রেড ক্রস বা রেড ক্রিসেন্ট প্রতীক অথবা “রেড ক্রস” বা “রেড ক্রিসেন্ট” আখ্যার ব্যবহার, তবে শর্ত থাকে যে উক্ত ব্যবহারের ক্ষেত্রে কনভেনশনসমূহ ও প্রোটোকলসমূহের বিধানাবলী মেনে চলা হইয়াছে।

পঞ্চম অধ্যায়

বিবিধ

১৬। কার্যবিধি।- এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, ধারা ৪ বা ধারা ৫ এর অধীনে সংঘটিত কোনো অপরাধ তদন্ত, বিচার, আপীল ইত্যাদির ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ক্ষেত্রে প্রযোজ্য কার্যবিধি এবং ধারা ১৪ এর অধীনে সংঘটিত কোনো অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ প্রযোজ্য হইবে।

১৭। বিধি প্রণয়নের ক্ষমতা।- এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে।

১৮। রহিতকরণ ও হেফাজত।- (১) এতদ্দ্বারা The Geneva Convention Implementation Act, 1936 (Act no. XIV of 1936) রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেওঃ

(ক) উক্ত আইনের অধীনে সঙ্ঘটিত কোন কাজ, গৃহীত পদক্ষেপ, প্রণয়নকৃত কোন বিধি, নীতিমালা, উপ-বিধি, বা আদেশ, জারিকৃত কোন প্রজ্ঞাপন বা নোটিশ, অনুমোদিত কোন ছাড়পত্র বা অনুমতিপত্র যাহা এই রহিতকরণের পূর্বমুহূর্ত পর্যন্ত বৈধ ছিল, যতক্ষণ পর্যন্ত তাহা বর্তমান আইন বা ইহার অধীনে প্রনীত কোনো বিধির সাথে অসামঞ্জস্যপূর্ণ না হয়, এই আইনের অধীনে প্রণয়নকৃত, জারিকৃত বা অনুমোদিত হইয়াছে বলিয়া ধরিয়া নেয়া হইবে;

(খ) উক্ত আইনের অধীনে দায়েরকৃত সকল মামলা, অভিযোগ ও মামলার কার্যবিবরনী অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা উক্ত আইনের বিধান অনুসারে নিষ্পত্তি করিতে হইবে।

১৯। আইনের ইংরেজিতে অনূদিত পাঠ।– (১) এই আইন প্রবর্তনের পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।

(২) বাংলা পাঠ এবং ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন